প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনে গুম-খুনের শিকার এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের ৭৪ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন। শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, জুলাই শহীদদের অবদানের কারণেই দেশের মানুষ ফ্যাসিস্টদের থেকে মুক্তি পেয়েছে।
গুম-খুনের শিকার এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সরকার নয়, বরং তারাই শক্তি, উৎসাহ ও উদ্দীপনার উৎস। তিনি বলেন, নানা বাস্তবতার কারণে অনেক সময় প্রত্যাশা অনুযায়ী সবকিছু বাস্তবায়ন করা সম্ভব হয় না, তবুও সরকার প্রতিশ্রুতি থেকে পিছিয়ে আসবে না।
তারেক রহমান বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য স্বাধীনতা সংগ্রাম থেকে জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত যারা জীবন দিয়েছেন, তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। তিনি নির্যাতিত পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতিও দেন। নিয়োগপত্র পাওয়ার পর অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন। এ সময় প্রধানমন্ত্রী সব সময় তাদের পাশে থাকার আশ্বাস দেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।