সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫’-এ চূড়ান্তভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ প্রার্থীর যোগদানের তারিখ নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পরপর দুটি ঘোষণায় জটিলতা তৈরি হয়েছে। রোববার বিদ্যালয়-২ শাখার বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচিতরা আগামী ১ অক্টোবর নিজ নিজ জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগ দেবেন। যথাসময়ে তাদের নিয়োগপত্র পাঠানো হবে; যোগদানের পর পদায়ন ও প্রশিক্ষণে পাঠানো হবে।
তবে এর এক দিন আগে শনিবার সন্ধ্যায় জরুরি ভার্চুয়াল সভার পর প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াৎ হোসেন জানান, যোগদান প্রক্রিয়া ২৯ অক্টোবর শুরু হবে। মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. আসিফ আহমেদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতেও বলা হয়, ১৪ হাজার ৩৮৪ সহকারী শিক্ষক ২৯ অক্টোবর যোগদানের পর পদায়ন ও পেশাগত প্রশিক্ষণ নেবেন। তদন্ত ও প্রক্রিয়াগত দীর্ঘসূত্রতার কারণে প্রক্রিয়াটি বিলম্বিত হয়েছে বলে জানানো হয়।
এ পরিস্থিতিতে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা রোববার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেন। পুলিশ তাদের শাহবাগ গোলচত্বরের আগে আটকে দেয়; সেখানে পাঁচ শতাধিক শিক্ষক অবস্থান করেন। তাদের দাবি, নিয়োগ বিধিমালা-২০২৫ অনুযায়ী আগস্টের মধ্যেই যোগদান ও পদায়ন নিশ্চিত করে সরকারি ওয়েবসাইটে সুনির্দিষ্ট তারিখসহ লিখিত প্রজ্ঞাপন দিতে হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।