ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রতিরক্ষা সরঞ্জামে সজ্জিত করার সুপারিশ করা হয়েছে। কমিটির সভাপতি মো. আশরাফ উদ্দিন এমপির সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র বুধবার বিষয়টি নিশ্চিত করেছে।
বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং এর অধীন ২৫টি দপ্তর ও সংস্থার প্রধানদের পরিচিতি ও কার্যক্রম নিয়ে প্রাথমিক পর্যালোচনা হয়। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর আধুনিকায়ন কার্যক্রমও সংক্ষেপে উপস্থাপন করা হয়। কমিটির সদস্যরা জনগণের পক্ষে সশস্ত্র বাহিনী কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
কমিটি পুরোনো যন্ত্রপাতি থেকে বেরিয়ে আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম ব্যবহারের পাশাপাশি মেধা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে সশস্ত্র বাহিনীতে পদায়ন নিশ্চিত করার সুপারিশ করে। সেনাবাহিনীর নির্মাণাধীন অবকাঠামোয় ‘সেভ এনার্জি, সেভ মানি’ পরিকল্পনাও তুলে ধরা হয়। বৈঠকে আধুনিক ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনে সশস্ত্র বাহিনীর তাৎপর্যপূর্ণ ভূমিকা প্রত্যাশা করা হয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।