চীনের হয়ে গুপ্তচরবৃত্তির উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের সামরিক সদস্যদের নিয়োগের চেষ্টা করার দায়ে দুই চীনা নাগরিককে ৩০ মাস করে কারাদণ্ড দিয়েছে একটি মার্কিন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন ৪০ বছর বয়সি লিরেন ‘রায়ান’ লাই এবং ৩৯ বছর বয়সি ইউয়ানসে চেন। শুক্রবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এক বিবৃতিতে সাজা ঘোষণার তথ্য জানায়। কারাভোগ শেষে দুজনকে তিন বছর নজরদারির আওতায় থাকতে হবে।
আদালতের নথি অনুযায়ী, ২০২১ সালের মে মাসের আগ থেকেই তারা চীনের গোয়েন্দা সংস্থা মিনিস্ট্রি অব স্টেট সিকিউরিটি বা এমএসএসের হয়ে কাজ করছিলেন। মার্কিন জাতীয় নিরাপত্তাসংক্রান্ত তথ্যের বিনিময়ে সামরিক সদস্যদের অর্থ দেওয়ার পরিকল্পনা করেন তারা। ২০২২ সালের মে মাসে গোপন অর্থ লেনদেন বা ‘ডেড ড্রপ’-এর মাধ্যমে ১০ হাজার ডলার পৌঁছে দেন এবং পরে একই পদ্ধতিতে আরও ২০ হাজার ডলার লেনদেনের ব্যবস্থা করেন।
তারা একটি নৌঘাঁটি, সামরিক প্রশিক্ষণার্থী ও কর্মরত নৌসেনাদের ছবি সংগ্রহ করেন। চেন মার্কিন নৌবাহিনীর এক কর্মীর ব্যক্তিগত তথ্য এবং সম্ভাব্য গোয়েন্দা লক্ষ্যবস্তু সামরিক কর্মকর্তাদের বিস্তারিত পরিচিতিও সংগ্রহ করেন। বিদেশি সরকারের এজেন্ট হিসেবে কাজের তথ্য মার্কিন অ্যাটর্নি জেনারেলকে না জানানোর অভিযোগে দুজন দুটি মামলায় দোষ স্বীকার করেন। ২০২৫ সালের জুনে তাদের গ্রেপ্তার করা হয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।