জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) সিনিয়র সহকারী সচিব মো. কামাল হোসেনকে ক্ষমতার অপব্যবহার করে বিসিএস প্রশাসন ক্যাডারে চাকরি নেওয়ার অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। রোববার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। তিনি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ইউএনও হিসেবে কর্মরত থাকার সময় দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে মামলা করে। গত ২৮ জানুয়ারি ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ কোর্ট তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠায়।
সরকারি চাকরি আইন, ২০১৮–এর ৩৯(২) ধারা অনুযায়ী ২৮ জানুয়ারি থেকে তার সাময়িক বরখাস্ত কার্যকর করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন। ২০২৪ সালের ২৬ ডিসেম্বর দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা–১–এর উপসহকারী পরিচালক মো. মনজুরুল ইসলাম মিন্টু তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এজাহারে উল্লেখ করা হয়, মুক্তিযোদ্ধা কোটার সুবিধা নিতে কামাল হোসেন নিজের প্রকৃত পিতা-মাতার পরিবর্তে চাচা বীর মুক্তিযোদ্ধা মো. আহসান হাবীব ও চাচি মোছা. সানোয়ারা খাতুনকে বাবা-মা হিসেবে দেখান। এই ভুয়া পরিচয়ের মাধ্যমে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং পরে ৩৫তম বিসিএস পরীক্ষায় মুক্তিযোদ্ধা সন্তানের কোটায় প্রশাসন ক্যাডারে চাকরি লাভ করেন।