শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে বুধবার দুপুরে উত্তরায় ফের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বেলা দেড়টার দিকে বিএনএস সেন্টারের সামনে শুরু হওয়া এ বিক্ষোভে ঢাকামুখী ও গাজীপুরমুখী যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ জলকামান নিয়ে সতর্ক অবস্থানে থাকলেও সংঘর্ষ এড়িয়ে চলে। শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—বন্যা ও জলাবদ্ধতা পুরোপুরি না কমা পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, ১৩ জুলাই বৈরী আবহাওয়ায় পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর পদত্যাগ। এর আগে শিক্ষামন্ত্রী পরীক্ষার্থীদের নিয়ে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন এবং ১৩ জুলাইয়ের পদার্থবিজ্ঞান পরীক্ষাটি পুনরায় নেওয়ার ঘোষণা দেন।
জাতীয় সংসদে মন্ত্রী জানান, বৃষ্টির কারণে কিছু পরীক্ষায় বিঘ্ন ঘটেছে এবং ক্ষতিগ্রস্ত বিষয়গুলোর পুনঃপরীক্ষা নেওয়া হবে। তিনি বলেন, বন্যার কারণে চট্টগ্রামসহ কিছু অঞ্চলের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবুও ঢাকায় শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।