জয়পুরহাটের ক্ষেতলালে বুদ্ধিপ্রতিবন্ধী ইজিবাইক চালক ফরিদ হোসেন (৪১) নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর একটি আখ ক্ষেত থেকে কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে জিতারপুর মোড়ের আখ ক্ষেত থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। পরিবারের দাবি, উদ্ধার হওয়া কঙ্কালটি হোপীরহাট গ্রামের বাসিন্দা ফরিদের।
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ২০ আগস্ট সকাল ১০টার দিকে ফরিদ ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরে তাঁর বাবা আবদুল কুদ্দুস ক্ষেতলাল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডির সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ সোমবার জয়পুরহাট সদর উপজেলার পাকারমাথা এলাকার একটি গ্যারেজ থেকে ফরিদের ইজিবাইক উদ্ধার করে।
ঘটনায় রবিউল ও জাকির হোসেন নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্ত কর্মকর্তা আবদুল করিম বলেন, কঙ্কালের সঙ্গে থাকা পোশাক দেখে ফরিদের মা-বাবা সেটি তাঁদের ছেলের বলে শনাক্ত করেছেন। তবে ডিএনএ পরীক্ষা ছাড়া কঙ্কালটি ফরিদের কি না নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন ও সদর থানার তদন্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং কঙ্কালটি থানায় নেওয়া হয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।