Web Analytics

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান শ্রমিকদের ন্যায্য অধিকার ও চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবার পিরোজপুরে ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও শ্রমিকরা ন্যায্য মজুরি, নিরাপদ চাকরি ও প্রয়োজনীয় কর্মক্ষেত্রের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সব খাতে নিয়মিত মজুরি পুনর্নির্ধারণের দাবি জানান তিনি।

নবম পে-স্কেল ঘোষণার উদ্যোগকে স্বাগত জানিয়ে আতিকুর রহমান বলেন, এর আদলে মজুরি কমিশন ও মজুরি বোর্ডের মাধ্যমে সব খাতে ন্যায্য মজুরি ঘোষণা করা উচিত। মজুরি পুনর্নির্ধারণের দীর্ঘসূত্রতা বন্ধ করে স্থায়ী ও কার্যকর কাঠামো গড়ার কথাও বলেন তিনি। তেল, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম বাড়ায় মানুষের জীবনযাত্রা কঠিন হয়েছে উল্লেখ করে বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চান তিনি।

গার্মেন্টস খাতে বিভিন্ন অজুহাতে শ্রমিক ছাঁটাই এবং ন্যায্য পাওনা ও সার্ভিস বেনিফিট থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে তিনি অন্যায় ছাঁটাই ও কালো তালিকাভুক্তির প্রথা বন্ধের দাবি জানান। কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বিদ্যমান চাকরি রক্ষায় সরকারকে গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি। শ্রমিক ও মালিক উভয়ের জবাবদিহি নিশ্চিত করে মানবিক ও বৈষম্যহীন শ্রমনীতি প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।