মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো আলোচনা চলছে না; তবে খুব শিগগিরই কিছু ঘটতে পারে। বুধবার দক্ষিণ ক্যারোলাইনায় একটি সমাবেশ থেকে ফেরার পথে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ট্রাম্প জানান, বেশির ভাগ মানুষ মনে করছেন মধ্যবর্তী নির্বাচনের পর এ ধরনের কোনো ঘটনা ঘটবে, তবে শেষ পর্যন্ত কী হয় তা দেখার কথা বলেন তিনি।
সমাবেশে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র চাইলে এখনই ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে পারে, কিন্তু তিনি এমন একটি পরিণতি নিশ্চিত করতে চান যা দীর্ঘ সময় স্থায়ী হবে। তিনি দাবি করেন, সামরিক ও আর্থিক—দুই দিক থেকেই যুক্তরাষ্ট্র ইরানকে পরাজিত করেছে। একই সঙ্গে ট্রাম্প বলেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না।
দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন হামলার পরিকল্পনা করেছে মার্কিন ও ইসরাইলি সামরিক বাহিনী। তবে ট্রাম্প এসব হামলা অনুমোদন দেবেন কি না, তা নিশ্চিত নয়। পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় জুনে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক হলেও হরমুজ প্রণালিতে নৌচলাচলসহ বিভিন্ন মতবিরোধে প্রক্রিয়াটি থমকে আছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।