প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় সন্দেহভাজন ব্যক্তিদের নাম প্রকাশ না করার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার বেলা ১১টায় সচিবালয়ের তথ্য অধিদপ্তর সম্মেলন কেন্দ্রে সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, এমন নাম প্রকাশ তদন্ত ও বিচারপ্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে।
চিফ প্রসিকিউটর একজন সাংস্কৃতিক কর্মীর সম্পৃক্ততা নিয়ে কিছু তথ্য পাওয়ার কথা জানানোর পর বিভিন্ন মহলে অনেকের নাম অনুমান করে বলা হচ্ছে। এ প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, তদন্তের এই পর্যায়ে কারও নাম প্রকাশ করা উচিত নয়। আনুষ্ঠানিক তদন্ত ও আদালতের প্রক্রিয়ায় সম্পৃক্ততা প্রমাণিত হলেই কেবল কাউকে নিয়ে নিশ্চিতভাবে কথা বলা সমীচীন।
উপদেষ্টা বলেন, রাষ্ট্র আনুষ্ঠানিক তদন্ত করবে এবং কারও বিরুদ্ধে অভিযোগ বা চার্জ গঠন হলে বিষয়টি বিস্তারিত আলোচনায় আসতে পারে। প্রাথমিক তথ্যের ভিত্তিতে কাউকে অপরাধী বলা ঠিক নয়। রাজনৈতিক বা সামাজিক কর্মকাণ্ড নিয়ে মতভেদ থাকলেও প্রমাণ ছাড়া তা সাগর-রুনি হত্যার মতো ফৌজদারি অপরাধের সঙ্গে যুক্ত করা উচিত নয়। আলোচনায় থাকা ব্যক্তি জড়িত না হলে তার ওপর অন্যায়ভাবে অপরাধ চাপানোও অনুচিত।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।