Web Analytics

বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি লেনদেন প্ল্যাটফর্ম বাইন্যান্স জানিয়েছে, গত বৃহস্পতিবারের হ্যাকিংয়ে চুরি হওয়া ৬৩০ কোটি ডলার মূল্যের সম্পদের ৯০ শতাংশ ক্ষতিপূরণ ইতিমধ্যে দেওয়া হয়েছে। রোববার প্রকাশিত এক বিবৃতির বরাতে বিবিসি এ তথ্য জানিয়েছে। বাইন্যান্স বলেছে, বাকি ১০ শতাংশ ক্ষতিপূরণ দিতে কিছুটা সময় লাগতে পারে, তবে ক্ষতিগ্রস্ত সম্পদের শতভাগ ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি তাদের রয়েছে।

শনিবার বাইন্যান্স জানায়, চুরি হওয়া অর্থের পুরো আর্থিক দায়ভার প্রতিষ্ঠানটি বহন করবে এবং ব্যবহারকারীদের ওপর এর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। ক্ষতিপূরণ নিশ্চিত করতে নিজস্ব তহবিল থেকে ৬৩৪ কোটি ডলারের বেশি অর্থ আলাদা রাখা হয়েছে। হামলার পর সাময়িকভাবে বন্ধ থাকা ক্রিপ্টো উত্তোলন আবার চালু হয়েছে। বিটকয়েন, ইথেরিয়াম ও টেথারসহ সর্বাধিক লেনদেন হওয়া সাতটি ক্রিপ্টো সম্পদের নিরাপত্তাও জোরদার করা হয়েছে।

এফবিআই শনিবার বলেছে, এই সাইবার হামলার পেছনে উত্তর কোরিয়া রয়েছে, যদিও পিয়ংইয়ং এমন অভিযোগ অস্বীকার করে আসছে। বাইন্যান্সের প্রাথমিক তদন্তে একজন প্রকৌশলীর ল্যাপটপ হ্যাক হওয়ার সম্ভাবনার কথা উঠে এলেও পরে আরও নিরাপত্তা দুর্বলতা ধরা পড়ে। প্রতিষ্ঠানটি জানায়, আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা ও অংশীদারদের সহযোগিতায় প্রায় ৩০০ কোটি ডলারের চুরি হওয়া সম্পদ জব্দ করা হয়েছে এবং তদন্ত চলছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।