এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাইপর্বে স্বাগতিক উজবেকিস্তানকে ২-১ গোলে হারিয়ে শুরু করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার তাসখন্দে অনুষ্ঠিত ‘এইচ’ গ্রুপের প্রথম ম্যাচে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে রুনা আক্তারের গোলে জয় নিশ্চিত হয় বাংলাদেশের। এই জয়ে তিন পয়েন্ট পেয়েছে বাংলাদেশের মেয়েরা।
ম্যাচের তৃতীয় মিনিটে পূর্ণিমার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। পাল্টা আক্রমণে মাঝমাঠের বাঁ দিক থেকে ফাতেমা আক্তার ডান দিকে লম্বা পাস দেন পূর্ণিমাকে। বল নিয়ন্ত্রণে নিয়ে উজবেক গোলরক্ষক মারিয়াকে ফাঁকি দিয়ে গোল করেন তিনি। তবে ১৭ মিনিটে আইরিন খাতুনের কাছ থেকে গোলমুখে বল কেড়ে নিয়ে উজবেক ডিফেন্ডার ফারানগিজ গোল করলে সমতা ফেরে।
এরপর দুই দলের আক্রমণ ও পাল্টা আক্রমণে সুযোগ তৈরি হলেও গোল হচ্ছিল না। শেষ মুহূর্তে রুনার গোল বাংলাদেশকে জয়ের আনন্দ দেয়। গ্রুপপর্বে বাংলাদেশের দ্বিতীয় ও শেষ ম্যাচ ফিলিপাইনসের বিপক্ষে ১১ অক্টোবর। ফিলিপাইনস এরই মধ্যে উজবেকিস্তানকে ৪-০ গোলে হারিয়েছে। মূল পর্বে খেলতে বাংলাদেশকে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।