ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন ২০২৭ সালের ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এর চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমানও গেস্ট অব অনার হিসেবে সমাবর্তনে উপস্থিত থাকতে সম্মতি দিয়েছেন।
রোববার দুপুরে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ও একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে সমাবর্তনে আমন্ত্রণ জানান। পরে রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে অংশ নেওয়ার সম্মতি জানান। চ্যান্সেলর হিসেবে তিনি সমাবর্তনে সভাপতিত্ব করবেন বলে আশা করা হচ্ছে।
সাক্ষাতকালে রাষ্ট্রপতি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু দেশের শীর্ষ বিদ্যাপীঠ নয়, দেশের রাজনীতি, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিরও কেন্দ্রবিন্দু। শিক্ষা ও গবেষণার মান উন্নত করে বিশ্ববিদ্যালয়টিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর কাতারে নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। এ জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার কথাও বলেন রাষ্ট্রপতি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।