বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ডাকসুর সাবেক এজিএস নাজিম উদ্দিন আলম বলেছেন, দেশের যেকোনো সংকট রাজনৈতিক দলগুলো একসঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করবে। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) আয়োজিত ‘গণতন্ত্র, সুশাসন ও জনগণের প্রত্যাশা’ শীর্ষক এই সভায় তিনি প্রধান অতিথি ছিলেন।
নাজিম উদ্দিন আলম বলেন, সরকারি ও বিরোধী দল সবাই মিলে গঠনমূলক সমালোচনার মাধ্যমে অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট মোকাবিলা করতে হবে। তিনি জানান, বিএনপি, জামায়াত ও এনসিপি একত্রে ফ্যাসিবাদ উৎখাতে ভূমিকা রেখেছে এবং তারেক রহমানের নেতৃত্বে সামাজিক নিরাপত্তা, আইনের শাসন ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, পরিবার ও কৃষক কার্ডসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খালকাটা কর্মসূচি পুনরায় চালু করা হয়েছে।
তিনি দাবি করেন, বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে।