ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষে ঢাকা-৭ (১৯৮) আসনের ফলাফল স্থগিত করে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী মো. এনায়াত উল্যাহ। তিনি শুক্রবার সন্ধ্যায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান। এর আগে বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং অফিসার ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে আবেদন জমা দেন তিনি।
সংবাদ সম্মেলনে এনায়াত উল্যাহ অভিযোগ করেন, ধানের শীষ প্রতীকের অনেক বান্ডিলে ১০০টি ব্যালট পেপার না দিয়েই গণনায় ১০০ হিসাবে দেখানো হয়েছে এবং দাঁড়িপাল্লা প্রতীকের পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে কক্ষ থেকে বের করে দিয়ে ফলাফল শীট তৈরি করা হয়েছে। তিনি আরও বলেন, এজেন্টদের আপত্তি উপেক্ষা করা হয়েছে, অনেককে মূল রেজাল্ট সিটের কপি দেওয়া হয়নি এবং গণনায় অযথা বিলম্ব করে ফলাফল প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে।
এনায়াত উল্যাহর দাবি, এসব অনিয়মের কারণে ভোটারদের রায়ের সঠিক প্রতিফলন ঘটেনি। তিনি বলেন, ভোট পুনঃগণনা হলে প্রকৃত ভোট সংখ্যা ও অনিয়মের সত্যতা প্রকাশ পাবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।