কারিগরি সমস্যা ও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার প্রয়োজনের কারণে পাকিস্তানের সঙ্গে সীমান্ত পারাপার ও বাণিজ্যিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে ইরান। শনিবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে এ কথা বলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি জানান, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যোগাযোগ ও আলোচনা চালিয়ে যাচ্ছে।
বাঘাই বলেন, সীমান্তে এই সাময়িক বিঘ্ন ইরান ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো পরিবর্তনের ইঙ্গিত নয়। এর আগে নিরাপত্তা উদ্বেগ এবং চোরাচালান প্রতিরোধের কথা উল্লেখ করে পাকিস্তান গাবদ-রিমদান ও তাফতান সীমান্তপথে বাণিজ্য স্থগিত করে। পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় শুক্রবার একটি স্মারকলিপি জারি করে, যাতে ৩ অক্টোবরের আগের একটি আদেশ অবিলম্বে কার্যকর হওয়ার শর্তে প্রত্যাহার করা হয়।
ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশের রিমদান-গাবদ সীমান্ত ক্রসিংসহ বিভিন্ন স্থলবন্দর নিয়ে আলোচনার মধ্যেই এ ঘোষণা এসেছে। দীর্ঘ সীমান্ত ভাগাভাগি করা দুই দেশ সাম্প্রতিক সময়ে বাণিজ্য সম্প্রসারণ, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা করেছে। কর্তৃপক্ষ আশা করছে, চলমান আলোচনার মাধ্যমে সীমান্তে স্বাভাবিক চলাচল ও বাণিজ্য দ্রুত পুনরায় চালু হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।