গাইবান্ধার সাঘাটা ও গোবিন্দগঞ্জ উপজেলার সীমান্তঘেঁষা কামালেরপাড়া ইউনিয়নের বাঙ্গাবাড়ি এলাকায় বাঙালিনদীর তীরে গড়ে ওঠা একটি অবৈধ কয়লা তৈরির কারখানা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাছ পুড়িয়ে কয়লা তৈরির কারখানাটি ধ্বংস করা হয়। কারখানা ভেঙে দেওয়ার পর এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
গোবিন্দগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইমরান খানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এতে ফায়ার সার্ভিসের কর্মী এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। স্থানীয় সূত্র অনুযায়ী, দীর্ঘদিন ধরে নদীতীরের ফসলি জমি ও গ্রামসংলগ্ন এলাকায় অবৈধভাবে চুল্লি বসিয়ে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করা হচ্ছিল।
স্থানীয়দের ভাষ্য, এ কার্যক্রমে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছিল এবং বাসিন্দাদের স্বাস্থ্য ও ফসলি জমির ক্ষতি হচ্ছিল। ভয়ে কেউ প্রতিবাদ করতে পারেনি বলেও তারা জানান। তামশিদ ইমরান খান বলেন, পরিবেশ ধ্বংসকারী ও অবৈধ কয়লা তৈরির বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। কারখানাটি যে জমিতে স্থাপন করা হয়েছিল, আইন অনুযায়ী সেই জমির মালিকের বিরুদ্ধেও দ্রুত মামলা করা হবে বলে তিনি জানান।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।