বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে যে, ইনডোর বা কৃত্রিম পদ্ধতিতে ইলিশ চাষের জন্য সরকারের কোনো অনুমোদন নেই। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জনগণ ও সংশ্লিষ্ট পক্ষগুলোকে এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য বা গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানায়। সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইলিশের কৃত্রিম চাষ নিয়ে আলোচনার প্রেক্ষিতে মন্ত্রণালয় বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম প্রযুক্তি ব্যবহার করে ইনডোর পরিবেশে ইলিশ চাষের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। সভায় উপদেষ্টা ফরিদা আখতারের সভাপতিত্বে মন্ত্রণালয়, মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তারা অংশ নেন। আলোচনায় উঠে আসে যে, ইলিশ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক নির্দেশক পণ্য এবং এর উৎপাদন প্রাকৃতিক প্রজনন চক্র ও নদীনির্ভর পরিবেশের ওপর নির্ভরশীল।
মন্ত্রণালয় জানায়, ইলিশ সংক্রান্ত যেকোনো গবেষণা বা পরীক্ষামূলক কার্যক্রম বিদ্যমান আইন, নীতিমালা ও জাতীয় স্বার্থের আলোকে এবং সরকারের পূর্বানুমোদন সাপেক্ষে পরিচালিত হতে হবে। অনুমোদনবিহীন কোনো কার্যক্রম গ্রহণযোগ্য নয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।