রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২৫–২৬ অর্থবছরের প্রথম আট মাসে বাংলাদেশের রপ্তানি আয় ৩.১৫ শতাংশ কমেছে। জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে ৩১ দশমিক ৯১ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের ৩২ দশমিক ৯৪ বিলিয়ন ডলারের তুলনায় কম। ফেব্রুয়ারি মাসে রপ্তানি আয় সর্বাধিক হ্রাস পেয়ে দাঁড়ায় ৩ দশমিক ৫০ বিলিয়ন ডলারে, যা জানুয়ারির তুলনায় ২০ দশমিক ৮১ শতাংশ এবং আগের বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ০৩ শতাংশ কম।
ইপিবির তথ্যে দেখা যায়, মোট রপ্তানি আয়ের ৮০ দশমিক ৮৫ শতাংশ এসেছে তৈরি পোশাক খাত থেকে, যা সবচেয়ে বেশি সংকোচনের মুখে পড়েছে। কৃষি, চামড়া ও হোম টেক্সটাইল খাতেও আয় কমেছে, তবে ওষুধ ও পাটজাত পণ্যে কিছুটা বৃদ্ধি দেখা গেছে। অর্থনীতিবিদ ও রপ্তানিকারকরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়তি শুল্ক এবং ইরানে যুক্তরাষ্ট্র–ইসরাইলের যৌথ হামলার পর বৈশ্বিক চাহিদা দুর্বল হয়ে পড়াকে এ পতনের কারণ হিসেবে উল্লেখ করেছেন।
তারা আশঙ্কা করছেন, চলমান যুদ্ধ পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী মাসগুলোতে রপ্তানি আয় আরও কমতে পারে এবং অর্থনীতিতে চাপ বাড়তে পারে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।