ইসরাইলের সাম্প্রতিক সামরিক অভিযান ও লেবাননের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরোক্ষ শান্তি আলোচনা স্থগিত করেছে ইরান। সোমবার দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম জানায়, মধ্যপ্রাচ্যে সংঘাত নিরসন ও সম্ভাব্য সমঝোতা নিয়ে ওয়াশিংটনের সঙ্গে মধ্যস্থতাকারীদের মাধ্যমে চলা যোগাযোগ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তেহরান। গাজা ও লেবাননে ইসরাইলি হামলা অব্যাহত থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইরানের ঘোষণার পর আন্তর্জাতিক জ্বালানি বাজারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা দেয়। আগস্ট ডেলিভারির ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৫ ডলারের বেশি হয়, আর যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই ক্রুডের দাম প্রায় ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯২ ডলারের ওপরে ওঠে। তাসনিম জানায়, লেবাননে ইসরাইলের সামরিক তৎপরতা ও যুদ্ধবিরতি শর্ত লঙ্ঘনের অভিযোগ ইরানের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
একই দিনে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৈরুতের উপকণ্ঠে নতুন বিমান হামলার নির্দেশ দেন এবং হিজবুল্লাহ-নিয়ন্ত্রিত এলাকায় অভিযান জোরদারের ঘোষণা দেন। ইরান জানায়, তারা হিজবুল্লাহ ও আঞ্চলিক প্রতিরোধ আন্দোলনের পাশে থাকবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।