Web Analytics

সেপ্টেম্বর ২০২৬-এ পেশাগত দায়িত্ব পালনের সময় সারা দেশে অন্তত ৭০ জন সংবাদকর্মী শারীরিক হামলা, গ্রেপ্তার, আইনি হয়রানি, হুমকি ও বাধার শিকার হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জার্নালিস্টস (বিএজে)। শুক্রবার বিএজের গবেষণা ও মনিটরিং সেলের সম্পাদক মাহমুদুল হাছান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে পর্যবেক্ষণ প্রতিবেদনের তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদনে বিচারহীনতা ও আইনের শাসনের ঘাটতিকে সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি বলা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ৪০ জন সংবাদকর্মী শারীরিক হামলা ও আঘাতের শিকার হয়েছেন, আটজন আইনি হয়রানির মুখোমুখি হয়েছেন এবং ২২ জন সরাসরি হুমকি, হেনস্তা বা বাধার শিকার হয়েছেন। কক্সবাজারে এক সাংবাদিকের পরিবারের কাছে চাঁদা দাবি ও হামলা, চাঁদপুরের কচুয়ায় সাংবাদিক ও তাঁর শিশুকন্যাকে মারধর এবং ঢাকার পল্লবীতে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনা এতে উল্লেখ করা হয়েছে। মিরপুরে উচ্ছেদ অভিযানের সংবাদ সংগ্রহে গিয়ে অন্তত ছয় সাংবাদিক হামলার শিকার হওয়ার কথাও বলা হয়।

নওগাঁয় এক সাংবাদিককে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হত্যা মামলায় আসামি করার অভিযোগ এবং বরগুনায় গ্রেপ্তার সাংবাদিককে ডোপ টেস্ট করানোর বিষয়টিও প্রতিবেদনে এসেছে। ঘাটাইলে তথ্য অধিকার আইনে আবেদন করায় এক সাংবাদিককে ইউএনওর অসৌজন্যমূলক ভাষা ও হুমকির অভিযোগও রয়েছে। বিএজে প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।