রাজধানীর শাহবাগ এলাকার ঐতিহাসিক রমনা কালী মন্দিরে স্বর্ণ চুরির ঘটনার রহস্য উদঘাটনের দাবি করেছে ঢাকা মহানগর পুলিশের শাহবাগ থানা। মঙ্গলবার ডিএমপির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ঘটনায় মূল অভিযুক্ত দুজনসহ চোরাই স্বর্ণের এক ক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে এবং কিছু স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লিপি কর্মকার, ২৯; তার স্বামী অর্ণব রায় দীপ্ত, ৩০; এবং স্বর্ণের দোকান মালিক মো. মুহিন, ৩৭। শাহবাগ থানা জানায়, ৭ অক্টোবর বুধবার সকাল পৌনে ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে কোনো একসময় অজ্ঞাত চোরচক্র মন্দিরে ঢুকে আনুমানিক ৬ আনা ওজনের, প্রায় ৮০ হাজার টাকা মূল্যের স্বর্ণ চুরি করে।
ঘটনাস্থল পরিদর্শন, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনদের শনাক্ত করা হয়। ১১ অক্টোবর উত্তরখানের দোবাদিয়া এলাকায় লিপি ও অর্ণবকে আটক করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে দক্ষিণখানের সাদিয়া জুয়েলার্সে অভিযান চালিয়ে ১২ অক্টোবর মো. মুহিনকে গ্রেপ্তার এবং ২ আনা ১ রতি ৪ পয়েন্ট স্বর্ণ উদ্ধার করা হয়। পুলিশ বলেছে, আদালতে দুজন চুরির দায় স্বীকার করেছেন; বাকি স্বর্ণ ও অন্য সংশ্লিষ্টদের খোঁজে তদন্ত চলছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।