বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দেলাওয়ার হোসেনকে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার, ৩০ আগস্ট ঠাকুরগাঁও জেলা জামায়াত কার্যালয়ে দায়িত্বশীল সমাবেশে আনুষ্ঠানিকভাবে তাঁর প্রার্থিতা ঘোষণা করা হয়।
জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম এ ঘোষণা দেন। তিনি বলেন, ১১ দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী দেলাওয়ার হোসেন ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ১১ দলের মনোনীত প্রার্থী। দেলাওয়ার বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি।
আব্দুল হালিম বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রধান মাধ্যম নির্বাচন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই জামায়াত সব ধরনের নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নিরপেক্ষ নির্বাচন ও ভোটারদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ থাকলে তাঁদের প্রার্থী জয়ী হবেন বলে তিনি আশা প্রকাশ করেন। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দেলাওয়ার জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নির্বাচন কমিশন শিগগিরই উপনির্বাচনের তফসিল ঘোষণা করবে বলে জানানো হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।