Web Analytics

পাবনার ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের বাঘইল কাঁঠালতলা মোড় এলাকায় জমির মালিকানা বিরোধকে কেন্দ্র করে দুই ব্যবসায়ীর বসতবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও জোরপূর্বক উচ্ছেদের অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে বলে দাবি করেন ব্যবসায়ী জামিরুল ইসলাম শান্ত ও তাঁর ভাই শিহাব উদ্দিন। তাঁদের ভাষ্য অনুযায়ী, স্ত্রী-সন্তানসহ দুই পরিবার এখন খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। নগদ টাকা, স্বর্ণালংকার ও গরুসহ প্রায় ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও তারা দাবি করেছে।

জামিরুলের অভিযোগ, সকাল ৯টার দিকে আদালতের কোনো আদেশ ছাড়াই দেশীয় অস্ত্র নিয়ে ৫০ থেকে ৬০ জনের একটি দল বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িঘর ভাঙচুর করে তাঁদের জোরপূর্বক উচ্ছেদ করা হয়। ভুক্তভোগীরা খোকন হোসেন, রবি হোসেন, মতিয়ার রহমান, আবুল খায়ের, সিরাজুল ইসলামসহ কয়েকজনকে জড়িত বলে অভিযোগ করেছেন। তারা থানায় লিখিত অভিযোগ দিলেও তাৎক্ষণিক কার্যকর প্রতিকার পাননি এবং নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানিয়েছেন।

খোকন হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, বিরোধপূর্ণ জমিটি তাঁদের পৈতৃক সম্পত্তি এবং রাজনৈতিক প্রভাবে তাঁদের বাপ-দাদার ভিটা জবরদখল করা হয়েছিল। ঈশ্বরদী থানার ওসি মো. আশাদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। লিখিত অভিযোগের ভিত্তিতে প্রধান অভিযুক্ত খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তার এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।