Web Analytics

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ নিশ্চিত করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন। সোমবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ১৬তম আসিয়ান-জাতিসংঘ শীর্ষ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। রোহিঙ্গাদের ওপর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্ব দেন।

গুতেরেস বলেন, জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়ার প্রায় এক দশক পরও রোহিঙ্গারা ন্যায়বিচার এবং নিরাপদে নিজ দেশে ফেরার উপযুক্ত পরিবেশের অপেক্ষায় রয়েছেন। তিনি বলেন, প্রত্যাবাসনের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত সহিংসতা ও নিপীড়ন থেকে পালিয়ে আসা মানুষের সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রগুলোর দায়িত্ব। ২০১৭ সালে মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে প্রায় ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন।

মিয়ানমারের চলমান সংকট নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে গুতেরেস সব পক্ষকে বেসামরিক নাগরিকদের সুরক্ষা, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং নিরাপদ ও নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা প্রবেশের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন, সংকটের মূল কারণ সমাধান, সহিংসতা বন্ধ এবং অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমাধানের জন্য জাতিসংঘ আসিয়ানের পাঁচ দফা ঐকমত্য বাস্তবায়নে সমর্থন অব্যাহত রাখবে। নির্বিচারে আটক ব্যক্তিদের অবিলম্বে ও নিঃশর্ত মুক্তিরও আহ্বান জানান তিনি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।