ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষের পর আইনজীবী নাঈম কিবরিয়া (৩৫) কে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম জানান, বুধবার রাত দশটার দিকে অজ্ঞাতনামা মোটরসাইকেল চালকসহ কয়েকজন যুবক নাঈমকে গাড়ি থেকে টেনে নামিয়ে বেধড়ক মারধর করে রাস্তায় ফেলে যায়। পরে তার খালাতো ভাই রফিকুল ইসলাম তাকে রাত ১১টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে বারোটার দিকে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। নিহত নাঈম পাবনা জজ কোর্টের আইনজীবী এবং পাবনা সদর উপজেলার চক জয়েনপুর গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলার বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবীদের সঙ্গে আলোচনা করতে ঢাকায় এসেছিলেন।
ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় এখনো জানা যায়নি এবং তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।