নোয়াখালীর হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের তালুকদার গ্রামের পাশের বেড়িবাঁধের একটি অংশ শুক্রবার বিকেলে অস্বাভাবিক জোয়ারের চাপে ধসে পড়ে। এতে তিনটি গ্রাম প্লাবিত হয় এবং ঘরের আসবাবপত্র, পুকুরের মাছ, গবাদিপশু ও ফসল ভেসে যায়। স্থানীয়রা আশঙ্কা করছেন, রাতে আরও বড় জোয়ারে পরিস্থিতি মারাত্মকভাবে অবনতি হতে পারে।
স্থানীয় সূত্রে জানা যায়, টানা বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারের কারণে বেড়িবাঁধের বিভিন্ন অংশ দুর্বল হয়ে পড়েছিল। ধসের পর দুই থেকে তিন ফুট উচ্চতায় পানি ওঠায় গ্রামীণ সড়ক, বাড়িঘর ও কৃষিজমি তলিয়ে যায়। ইউপি সদস্য আসার উদ্দিন জানান, আগেই সংশ্লিষ্টদের সতর্ক করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয়রা অভিযোগ করেন, দায়িত্বহীনতার কারণে এই দুর্ভোগ সৃষ্টি হয়েছে এবং তারা জরুরি ভিত্তিতে জিও ব্যাগ বা বালুভর্তি বস্তা ফেলে পানি প্রবেশ বন্ধের দাবি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল জানান, পানি উন্নয়ন বোর্ডকে আগেই জানানো হয়েছিল এবং জরুরি মেরামতের প্রস্তুতি চলছে। উপবিভাগীয় প্রকৌশলী জামিল উদ্দিন পাটোয়ারী বলেন, আবহাওয়া অনুকূলে এলে রাতেই মেরামতকাজ শুরু হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।