সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার বরাতে জানা গেছে, গত দুই দিনে কুনেইত্রা অঞ্চলের গ্রামীণ এলাকায় ইসরাইলি বাহিনী একাধিকবার অনুপ্রবেশ করেছে। প্রতিবেদনে বলা হয়, পাঁচটি সামরিক যান আল-সামদানিয়াহ আল-শারকিয়াহ এলাকায় প্রবেশ করে এবং ইসরাইলি সেনারা সেখানে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে পথচারীদের তল্লাশি চালায়। অন্যদিকে, আল-হামিদিয়াহ এলাকায় অবস্থানরত ইসরাইলি সেনারা একটি মর্টার শেল ও ধোঁয়াবোমা নিক্ষেপ করে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগের দিন সন্ধ্যায় ড্রোন নজরদারির মধ্যে কুদনা বাঁধের কাছে ইসরাইলের ছয়টি সামরিক যান অগ্রসর হয়ে পরে পিছু হটে। দামেস্ক এসব অভিযানকে ১৯৭৪ সালের ‘সেনা প্রত্যাহার চুক্তি’র স্পষ্ট লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে এবং দক্ষিণ সিরিয়া থেকে ইসরাইলি বাহিনী সম্পূর্ণরূপে প্রত্যাহারের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।
এই ঘটনাগুলো ইসরাইল-সিরিয়া সীমান্তে চলমান উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।