চলতি বছরের এসএসসি পরীক্ষায় শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে ‘নীরব বহিষ্কার’ বা ‘সাইলেন্ট এক্সপেল’ ব্যবস্থা পুনরায় কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি প্রকাশিত পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালায় বলা হয়েছে, পরীক্ষার নিয়ম ভঙ্গ বা অসদুপায় অবলম্বনের অভিযোগে পরীক্ষার্থীকে হাতেনাতে না ধরলেও নীরব বহিষ্কার করা যাবে। এতে পরীক্ষার্থী তাৎক্ষণিকভাবে বুঝতে পারবেন না যে তাকে বহিষ্কার করা হয়েছে, তবে পরে তার উত্তরপত্র বাতিল হিসেবে গণ্য হবে।
নীতিমালা অনুযায়ী, পরীক্ষার হলে কথা বলা, ঘাড় ঘোরানো, অন্যের খাতা দেখা বা সন্দেহজনক আচরণ করলে দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক নীরব বহিষ্কার প্রয়োগ করতে পারবেন। এ ক্ষেত্রে উত্তরপত্রের কাভার না ছিঁড়ে গোপনীয় ফরম পূরণ করে আলাদা প্যাকেটে সংরক্ষণ করতে হবে এবং লাল কালিতে ‘রিপোর্টেড’ লিখে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে জমা দিতে হবে। প্রতিবেদনে বহিষ্কারের কারণ বিস্তারিতভাবে উল্লেখ করতে হবে।
নীতিমালায় আরও বলা হয়েছে, নীরব বহিষ্কৃত পরীক্ষার্থীরা পরবর্তী পরীক্ষায় অংশ নিতে পারবে, তবে তাদের উত্তরপত্র আলাদাভাবে জমা দিতে হবে। শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা মনে করছেন, এই ব্যবস্থা পরীক্ষার শৃঙ্খলা রক্ষা ও অসদুপায় রোধে কার্যকর ভূমিকা রাখবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।