সার সংকট নিরসন এবং সংশোধিত ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫’ বাস্তবায়নে কৃষকের স্বার্থ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতীয় কৃষক শক্তি। ১২ আগস্ট প্রকাশিত এক যৌথ বিবৃতিতে সংগঠনটির আহ্বায়ক সাঈদ উজ্জ্বল ও সদস্য সচিব কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিস আট দফা প্রস্তাব তুলে ধরেন। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে কৃষকের জন্য কার্যকর অভিযোগকেন্দ্র, অতিরিক্ত দাম, মজুত ও হয়রানির বিরুদ্ধে কঠোর শাস্তি এবং অনিয়ম প্রমাণিত হলে ডিলারশিপ বাতিল।
সংগঠনটি বলেছে, সরকারি হিসাবে ডিএপি সারের দাম ১,০৫০ টাকা হলেও বিভিন্ন এলাকায় ১,৭০০ থেকে ২,২০০ টাকায় বিক্রির অভিযোগ রয়েছে। এসব অভিযোগ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। ডিলারশিপ পুনর্বণ্টনকে কেন্দ্র করে আমন মৌসুমে কৃত্রিম সংকটের আশঙ্কার কথাও বলা হয়েছে। একই পরিবারের একাধিক ডিলারশিপের সুযোগ বাতিল এবং ইউনিয়ন-পৌরসভায় ডিলার ইউনিট পুনর্বিন্যাসের সিদ্ধান্তকে স্বাগত জানালেও সাব-ডিলার ও খুচরা বিক্রেতা ব্যবস্থা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে সংগঠনটি।
জাতীয় কৃষক শক্তি সাব-ডিলার নিয়োগে আগ্রহী কৃষকদের অগ্রাধিকার, জৈব সারে প্রণোদনা এবং কৃষি-সম্পর্কিত সব ভর্তুকি বহাল রাখার দাবি করেছে। স্মার্ট কৃষি কার্ডের তথ্য ব্যবহার করে সার সরবরাহ, মজুত ও বিক্রি পুরোপুরি ডিজিটাল করার প্রস্তাব দেওয়া হয়েছে। যোগ্য পুরোনো খুচরা বিক্রেতাদের অনুমোদিত বিক্রয় প্রতিনিধি হিসেবে অগ্রাধিকার এবং অন্যদের জন্য স্বল্পসুদে ঋণ, প্রশিক্ষণ ও পুনর্বাসনের ব্যবস্থার কথাও বলা হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।