আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সংস্কারের যৌক্তিক জায়গায় পৌঁছাতে সবার সহযোগিতা প্রয়োজন। সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত নির্বাচন-পরবর্তী বাংলাদেশবিষয়ক এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার গঠনমূলক সমালোচনাকে ইতিবাচকভাবে গ্রহণ করছে এবং পরামর্শ ও পর্যালোচনার মাধ্যমে এগোতে চায়।
তিনি বলেন, সরকারের সমালোচনা করা নাগরিকদের অধিকার এবং তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। রাজনৈতিক দলগুলোর কর্মসূচি পালন ও সরকারের সমালোচনাকে তিনি গণতান্ত্রিক ব্যবস্থার স্বাভাবিক অংশ হিসেবে উল্লেখ করেন। মতপ্রকাশের কারণে লেখক, সাংবাদিক, কার্টুনিস্ট ও অন্যদের হয়রানি বা গ্রেপ্তারের অতীত সংস্কৃতি থেকে বের হওয়ার চেষ্টা চলছে বলেও জানান তিনি। প্রয়োজন হলে বাস্তব প্রয়োগের অভিজ্ঞতার ভিত্তিতে আইন ও নীতিমালা সংশোধনে সরকার উন্মুক্ত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
সংবিধানের মৌলিক কাঠামো অক্ষুণ্ন রেখে জুলাই সনদকে সামনে রেখে সংস্কার এগোবে বলে জানান আইনমন্ত্রী। এ জন্য রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। তিনি সংস্কার কমিটিতে বিরোধী দলসহ বিভিন্ন পক্ষের প্রতিনিধিত্ব নিশ্চিতের চেষ্টার কথা বলেন এবং গঠনমূলক অংশগ্রহণের আহ্বান জানান। পাশাপাশি বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার অভিযোগে জবাবদিহি, নতুন দুর্নীতি দমন কমিশন গঠন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে স্বচ্ছতার ওপর গুরুত্বারোপ করেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।