রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে তামান্না চৌধুরী প্রিয়াংকা এ আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেছেন এবং পরে আদেশ দেওয়া হবে বলে জানিয়েছেন।
আবেদনে সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মাহফুজ আলম ও মো. হাসনাত আব্দুল্লাহর নাম রয়েছে। এছাড়া সাবেক উপদেষ্টা ড. রেজওয়ানা হাসান, লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরোয়ার ফারুকী এবং সাবেক প্রেস সচিব শফিকুল আলমকেও আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আরও ৩ হাজার থেকে ৫ হাজার ব্যক্তিকে আসামি করার আবেদন জানানো হয়।
মামলার আবেদনে বলা হয়েছে, গত বছরের ৫ ফেব্রুয়ারি আসামিরা প্রধান ফটক ভেঙে ভবনে প্রবেশ করেন। অভিযোগ অনুযায়ী, বুলডোজার দিয়ে ভবন ভাঙচুর করা হয় এবং রাষ্ট্র ও মুক্তিযুদ্ধের মূল্যবান দলিল ও স্মৃতিচিহ্নসহ সম্পদ লুট ও অগ্নিসংযোগে ধ্বংস করা হয়। বাদীপক্ষ দণ্ডবিধি, বিস্ফোরক দ্রব্য আইন ও সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় মামলা গ্রহণ এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।