বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ঢাকায় অনুষ্ঠিত এ বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বাংলাদেশের বর্তমান সরকারকে অভিনন্দন জানান এবং পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন।
রেতো রেংগলি বলেন, বাংলাদেশের সঙ্গে সুইজারল্যান্ডের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং ভবিষ্যতে অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি, বন্দর ব্যবস্থাপনা ও উন্নয়ন প্রকল্পে সহযোগিতা বাড়াতে তারা আগ্রহী। তিনি এসব খাতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বৈঠক শেষে উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ–সুইজারল্যান্ড সম্পর্ক আরও সুদৃঢ় করতে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত হন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।