সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ডের বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ঘটনায় কনস্যুলার কর্মকর্তাদের কোনো গাফিলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেছে কমিটি।
বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিষয়টি নিয়ে সৌদি কর্তৃপক্ষের কাছে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনার পূর্ণ বিবরণ, ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে নেওয়া পদক্ষেপ এবং সংশ্লিষ্ট কনস্যুলার কর্মকর্তাদের গাফিলতি প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থা সম্পর্কে কমিটিকে জানাতে সুপারিশ করা হয়েছে।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত নারী শ্রমিকদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও সুপারিশ করেছে কমিটি। কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে সদস্যরা অংশ নেন। বিশেষ আমন্ত্রণে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও বৈঠকে উপস্থিত ছিলেন। ১৫৩তম আইপিইউ সম্মেলনসংক্রান্ত সহযোগিতার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়েছে কমিটি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।