যুক্তরাষ্ট্রের সরকারি ঋণের পরিমাণ এখন দেশটির মোট অর্থনৈতিক উৎপাদন বা জিডিপির চেয়েও বেশি হয়ে গেছে। গত সপ্তাহে প্রকাশিত প্রাথমিক হিসাব অনুযায়ী, মার্চ পর্যন্ত ১২ মাসে যুক্তরাষ্ট্রের জিডিপি ছিল ৩১ দশমিক ২১ ট্রিলিয়ন ডলার, যেখানে ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ দশমিক ২৬ ট্রিলিয়ন ডলারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও করোনা মহামারির পর এই প্রথমবার এমন ভারসাম্যহীনতা দেখা গেল।
অর্থনীতিবিদরা সতর্ক করেছেন, ঋণ যদি অর্থনীতির চেয়ে দ্রুত বাড়তে থাকে, তবে যুক্তরাষ্ট্র বড় ধরনের আর্থিক সংকটে পড়তে পারে। তাদের মতে, সরকারের জন্য সুদ পরিশোধ করা কঠিন হয়ে পড়বে। বিশেষজ্ঞরা আরও বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের কর কর্তন নীতি ও সামরিক ব্যয় বৃদ্ধির পরিকল্পনা এই সংকটকে আরও গভীর করতে পারে।
কংগ্রেসনাল বাজেট অফিসের পূর্বাভাস অনুযায়ী, ২০৩৬ সালের মধ্যে ঋণ জিডিপির ১২০ শতাংশে পৌঁছাতে পারে, যা বৈশ্বিক অর্থনীতিতে ডলারের আধিপত্যের জন্য বড় ঝুঁকি তৈরি করবে। তবে হোয়াইট হাউস জানিয়েছে, ব্যয় সংকোচন ও অপচয় রোধে পদক্ষেপ নেওয়া হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।