Web Analytics

চট্টগ্রামের ফৌজদারহাট বিসিক শিল্পনগরীতে ১৯ হাজার বর্গফুট জমির বরাদ্দ বাতিলের আদেশ প্রত্যাহারের মাধ্যমে সরকারের ৩ কোটি ৩৭ লাখ ৭৯ হাজার ৩৪০ টাকা রাজস্ব ক্ষতির অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ সংস্থাটির সহকারী পরিচালক সৈয়দ আলম মামলাটি দায়ের করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।

আসামিদের মধ্যে রয়েছেন বিসিকের সাবেক চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মুশতাক হাসান মুহ. ইফতিখার, শিল্প মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ আব্দুল্লাহ, সাবেক অতিরিক্ত সচিব বাসুদেব আচার্য্য ও পরাগ, প্রশাসনিক কর্মকর্তা বলাই কুমার হালদার এবং ওয়াহেদ টিউব অ্যান্ড মেটাল লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক আহমেদ ফয়সাল চৌধুরী। দুদকের অভিযোগ, তারা পরস্পর যোগসাজশে বিসিক প্লট বরাদ্দ নীতিমালা, ২০১০-এর ১৯(২) ধারা লঙ্ঘন করেছেন।

১৯৭৯ সালে কলাপসিবল টিউব উৎপাদন প্রকল্পের জন্য জমিটি বরাদ্দ দেওয়া হয়েছিল। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন বন্ধ ও পরিত্যক্ত থাকায় ১৯৯৩-৯৪ সালে বরাদ্দ বাতিল হয়। দুদকের হিসাবে, বাতিলের আদেশ প্রত্যাহারে জমির মূল্য বাবদ ৩ কোটি ৩১ লাখ ১৭ হাজার টাকা এবং ভ্যাট বাবদ ৬ লাখ ৬২ হাজার ৩৪০ টাকা ক্ষতি হয়েছে। মামলায় দণ্ডবিধির ৪২০, ৪০৯ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা যুক্ত করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।