রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দুদকের করা মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। বুধবার নির্ধারিত শুনানি বিচারকের ব্যস্ততার কারণে স্থগিত করে আগামী ২৮ জুন নতুন তারিখ নির্ধারণ করেছেন ঢাকার ৫ নম্বর বিশেষ জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
মামলার অভিযোগে বলা হয়, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না করেই ইস্টার্ন হাউজিং লিমিটেডের গুলশান-২ এলাকার একটি ফ্ল্যাট দখল করে পরে তা রেজিস্ট্রি করেন। গত বছরের ১৫ এপ্রিল দুদক মামলাটি দায়ের করে এবং চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি আদালত অভিযোগপত্র গ্রহণ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পরে দুদক টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির অনুমতি পায়।
এর আগে রাজউকের প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে পৃথক তিন মামলায় মোট ছয় বছরের কারাদণ্ড দেন আদালত।