সিলেটের বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে করা নাশকতা মামলায় বিএনপি, জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীদেরও আসামি করা হয়েছে। শুক্রবার বিশ্বনাথ থানায় মামলাটি দায়ের করেন অলংকারী ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. ইরন মিয়া। মামলায় ৯২ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়েছে।
এজাহারে বলা হয়, গত ১৬ আগস্ট সন্ধ্যায় আসামিরা রামপাশা ইউনিয়নের বিশ্বনাথ-লামাকাজী পাকা সড়কে গাড়ির টায়ারে আগুন দিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করে এবং দেশবিরোধী স্লোগান দেয়। গুরুত্বপূর্ণ সরকারি অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে ক্ষয়ক্ষতি এবং অস্থিতিশীল পরিবেশ তৈরির অভিযোগও করা হয়েছে। আসামিদের মধ্যে বিএনপি নেতা এখলাছ মিয়া, ছাত্রশিবিরের ওয়ার্ড সভাপতি রনি মিয়া ও জামায়াত কর্মী রেনু মিয়ার নাম রয়েছে।
এখলাছ মিয়া দাবি করেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিহিংসামূলকভাবে তাঁকে আসামি করা হয়েছে। উপজেলা জামায়াতের আমির নিজাম উদ্দিন সিদ্দিকী বলেন, তাঁদের কর্মীদের পরিকল্পিতভাবে মামলায় জড়ানো হয়েছে। বিশ্বনাথ থানার ওসি গাজী মো. মাহবুবুর রহমান জানান, মামলা তদন্তাধীন এবং তদন্ত শেষ হওয়ার আগে কিছু বলা যাচ্ছে না। উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গৌছ আলী বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।