Web Analytics

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেক মঙ্গলবার সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত সভায় ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ের ১৩টি প্রকল্প অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমান সভায় সভাপতিত্ব করেন। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প আটটি, সংশোধিত প্রকল্প তিনটি এবং মেয়াদ বৃদ্ধির প্রকল্প দুটি। সরকারের নিজস্ব অর্থায়ন ১০ হাজার ১১৮ কোটি ৩৩ লাখ টাকা, প্রকল্প ঋণ ৫ হাজার ২৫২ কোটি ৯৬ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৮২ কোটি ২৮ লাখ টাকা।

প্রকল্পগুলো স্বাস্থ্য, অর্থ, সমাজকল্যাণ, পানি, ভূমি, স্থানীয় সরকার, বিমান পরিবহন, স্বরাষ্ট্র ও বিদ্যুৎ-জ্বালানি খাতের। এর মধ্যে যক্ষ্মা, এইচআইভি/এইডস ও ম্যালেরিয়া মোকাবিলায় সমন্বিত স্বাস্থ্যব্যবস্থা, পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা এবং ছোট ফেনী ও বামনী নদী অববাহিকায় বন্যা-নদী ব্যবস্থাপনা প্রকল্প রয়েছে। মেঘনা নদীর ভাঙন থেকে ভোলা সদর ও দৌলতখান উপজেলার কয়েকটি এলাকা সুরক্ষার প্রকল্পও অনুমোদিত হয়েছে।

এ ছাড়া রংপুর বিভাগের সড়ক উন্নয়ন, মাদারীপুর-শরীয়তপুর-রাজবাড়ীর গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ এবং র‍্যাবের কারিগরি সক্ষমতা বৃদ্ধির প্রকল্প অনুমোদন পায়। ফেনীর সোনাগাজীতে সৌরবিদ্যুৎ কেন্দ্রের জন্য ভূমি অধিগ্রহণ এবং তিন পার্বত্য জেলায় বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণও অন্তর্ভুক্ত। সভায় পরিকল্পনা মন্ত্রীর আগে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়ের ১৫টি প্রকল্প সম্পর্কেও একনেককে অবহিত করা হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।