শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ ও ভারতের বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য ও পণ্য পরিবহন ১৭ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা আট দিন বন্ধ থাকবে। ছুটি শেষে ২৫ অক্টোবর সকাল থেকে স্বাভাবিক নিয়মে বাণিজ্যিক কার্যক্রম পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে। তবে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের দুই দেশের মধ্যে যাতায়াত স্বাভাবিক থাকবে।
ভারতের পেট্রাপোল বন্দরে ১৭ থেকে ২১ অক্টোবর দুর্গাপূজার সরকারি ছুটিতে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। বাংলাদেশে ২০ থেকে ২৪ অক্টোবর ছুটি থাকায় দুই দেশের বাণিজ্য মিলিয়ে আট দিনের বিরতি হচ্ছে। বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানান, ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ এবং উভয় দেশের সিঅ্যান্ডএফ এজেন্টরা বন্দর কর্তৃপক্ষকে ছুটির বিষয়টি জানিয়েছে।
১৮ ও ১৯ অক্টোবর বেনাপোল বন্দরের অভ্যন্তরীণ ও কাস্টমস কার্যক্রম স্বাভাবিক থাকবে এবং আগে আমদানি করা পণ্য খালাস করা যাবে। পণ্য খালাসের পর খালি ভারতীয় ট্রাকও দেশে ফিরতে পারবে। ব্যবসায়ীরা বলেছেন, বন্ধে শিল্পের কাঁচামাল সরবরাহ ও আমদানি করা খাদ্য এবং নিত্যপণ্যের বাজারজাতকরণ ব্যাহত হতে পারে। ছুটির পর পণ্যজট এড়াতে দ্রুত খালাস ও ট্রাক চলাচল নিশ্চিত করার ওপর তারা গুরুত্ব দিয়েছেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।