যুক্তরাষ্ট্র ইরানের কয়েকজন তেল ব্যবসায়ী ও সরকারসংশ্লিষ্ট ব্যক্তির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। ওয়াশিংটনের অভিযোগ, তারা তেহরানকে বিদেশে তেল বিক্রিতে সহায়তা করেছেন। মার্কিন অর্থ বিভাগ জানিয়েছে, দুটি নির্বাহী আদেশের অধীনে পদক্ষেপ নেওয়া হয়েছে; এর একটি ইরানের পেট্রোলিয়াম, পেট্রোকেমিক্যাল ও বিমান চলাচল খাতকে লক্ষ্য করে এবং অন্যটি সন্ত্রাসবিরোধী কর্তৃপক্ষ-সম্পর্কিত।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ইরানের শাসনব্যবস্থা নাগরিকদের স্বার্থের চেয়ে নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দেয়। অর্থ বিভাগের ভাষ্য অনুযায়ী, আইআরজিসির সাবেক গোয়েন্দা কর্মকর্তা মোহাম্মদ জাভাদ বাভান্দ ও ইরানি ফুটবল ফেডারেশনের প্রধানের ভাই মজিদ তাজ একটি নেটওয়ার্ক পরিচালনা করছেন। ওই নেটওয়ার্ক সরকারের কাছে বিলিয়ন ডলার পাওনা থাকা সত্ত্বেও ইরানের ফুরিয়ে আসা তেলভান্ডার থেকে তেল বিক্রি করছে।
নিষেধাজ্ঞার তালিকায় আইআরজিসি ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন সারভাতির ছেলে মোহাম্মদ হোসেইন সারভাতি এবং মাহান এয়ারের প্রধান নির্বাহী হামিদ আরবনেজাদের ছেলে মোজতবা আরবনেজাদও রয়েছেন। পররাষ্ট্র দপ্তর বলেছে, তালিকাভুক্ত চার ব্যক্তি অবৈধ তেল বিক্রির মাধ্যমে ইরানের সামরিক বাহিনীকে অর্থায়ন ও সন্ত্রাসবাদে সহায়তা করছেন। ট্রেজারি বিভাগ জানিয়েছে, তেহরানকে এই আয় থেকে বঞ্চিত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।