ট্রান্সজেন্ডার–সম্পর্কিত শিক্ষামন্ত্রীর বক্তব্যকে সমাজবিরোধী ও বিজ্ঞানবহির্ভূত আখ্যা দিয়ে এর প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনটি বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি করেছে। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের যুগ্ম মহাসচিব শাহ ইফতেখার তারিক এ দাবি জানান।
তারিক বলেন, প্রকৃত হিজড়ারা সমাজের অংশ, তবে হিজড়া ও ট্রান্সজেন্ডার এক বিষয় নয়। তিনি ট্রান্সজেন্ডারিজমকে মারাত্মক বিকৃতি হিসেবে বর্ণনা করেন এবং দাবি করেন, এ ধারণা বিজ্ঞান, মানবসভ্যতার বিকাশ, পারিবারিক কাঠামো ও সামাজিক শৃঙ্খলার পরিপন্থী। তিনি আরও বলেন, ইসলামসহ সব ধর্ম ও প্রাচ্য সমাজ এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং পশ্চিমা সমাজেও এ নিয়ে ক্ষোভ তৈরি হচ্ছে।
শিক্ষামন্ত্রীর ব্যাখ্যার সমালোচনা করে তিনি বলেন, তৃতীয় লিঙ্গ বোঝাতে ভুলবশত ট্রান্সজেন্ডার বলা হয়েছে—এ অজুহাত গ্রহণযোগ্য নয়। তারিক বলেন, তৃতীয় বা চতুর্থ লিঙ্গের আড়ালে কোনো সাংস্কৃতিক ও ধর্মীয় বিধ্বংসী চক্রান্ত মেনে নেওয়া হবে না। তিনি মন্ত্রীকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলেন; অন্যথায় তাকে মন্ত্রিপরিষদ থেকে অপসারণের দাবি জানান।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।