জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষমূলক পোস্ট দেওয়ার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হাসান মিয়া বিষয়টি নিশ্চিত করেন। গত শুক্রবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৬৮তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ৩ জুলাই নিজের ফেসবুক আইডিতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটি কটাক্ষমূলক পোস্ট দেন তিনি। ১১ জুলাই পোস্টটির স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর চাকসুর নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়।
এর পরদিন ১২ জুলাই উপ-উপাচার্যকে (অ্যাকাডেমিক) আহ্বায়ক করে তিন সদস্যের উচ্চতর তদন্ত কমিটি গঠন করে প্রশাসন। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর কমিটি তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। সিন্ডিকেট তাকে সাময়িক বরখাস্ত করার পাশাপাশি অধিকতর তদন্তের জন্য নতুন আরেকটি কমিটি গঠন করেছে। তিনি ২০১২ সালে প্রভাষক হিসেবে যোগ দিয়ে ২০১৪ সালে সহকারী অধ্যাপক এবং ২০২১ সালে সহযোগী অধ্যাপক হন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।