১৩ জুলাই ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশনে ২৩তম কমনওয়েলথ গেমস, গ্লাসগো ২০২৬ উপলক্ষে বাংলাদেশ দলের সম্মানে এক বর্ণাঢ্য অভ্যর্থনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ব্রিটিশ হাই কমিশনারের বাসভবনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের খেলোয়াড়, টিম অফিসিয়াল, বরেণ্য ক্রীড়াবিদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক ও বিশেষ অতিথি ব্যারিস্টার জাইমা রহমান। অনুষ্ঠানটি বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ক্রীড়াক্ষেত্রে সহযোগিতার ধারাবাহিকতার প্রতিফলন হিসেবে বিবেচিত হয়।
ব্রিটিশ হাই কমিশনার সারা কুক বাংলাদেশ দলের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, কমনওয়েলথ গেমস শুধু ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধার এক অনন্য প্ল্যাটফর্ম। তিনি খেলোয়াড়দের সর্বোচ্চ সামর্থ্য প্রদর্শনের আহ্বান জানান। দলের শেফ দ্য মিশন ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম ব্রিটিশ হাই কমিশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই আয়োজন খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণার উৎস।
অনুষ্ঠানটি অংশগ্রহণকারীদের মধ্যে আত্মবিশ্বাস ও উদ্দীপনা সৃষ্টি করে এবং গ্লাসগো ২০২৬-এ বাংলাদেশের অংশগ্রহণকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।