‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’ আগামী ২৪ ঘণ্টার মধ্যে সৎ, দক্ষ ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানিয়েছে। সোমবার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। এর আগে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে কয়েকশ গ্রাহক জড়ো হয়ে মিছিল নিয়ে বাংলাদেশ ব্যাংকের প্রধান ফটকের সামনে অবস্থান নেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর অবস্থানে দেখা যায়।
গ্রাহক ফোরামের সভাপতি নুর-উন-নবি মানিক বলেন, ইসলামী ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার করতে হলে দ্রুত একটি গ্রহণযোগ্য ও দক্ষ পরিচালনা পর্ষদ গঠন করতে হবে। তিনি আরও বলেন, নতুন পর্ষদে এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করতে হবে, যাঁদের সততা, পেশাগত দক্ষতা এবং ইসলামি অর্থনীতি সম্পর্কে জ্ঞান রয়েছে। বক্তারা আরও বলেন, অতীতে অনিয়ম বা দুর্নীতির সঙ্গে জড়িতদের পুনর্বহাল করা যাবে না এবং বাংলাদেশ ব্যাংককে আমানতকারীদের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ইসলামী ব্যাংকের জন্য শিগগিরই অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে একটি শক্তিশালী পরিচালনা পর্ষদ গঠন করা হবে, যা ব্যাংকের সুশাসন ও স্থিতিশীলতা নিশ্চিত করবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।