আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের বাকি অঞ্চল থেকেও মৌসুমি বায়ু বিদায় নিতে পারে। তবে পশ্চিমা লঘুচাপের প্রভাবে শুক্রবার দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। রংপুর ও ময়মনসিংহ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রাজধানীসহ অন্য এলাকাতেও কমবেশি বৃষ্টি হতে পারে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মৌসুমি বায়ু বর্তমানে দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। এটি ইতোমধ্যে দেশের পশ্চিমাঞ্চল থেকে বিদায় নিয়েছে। বৃহস্পতিবার আকাশ মেঘলা ছিল এবং বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ ৮১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, আর রাজধানীতে হয়েছে ৪ মিলিমিটার।
বৃহস্পতিবার ফেনী ও লক্ষ্মীপুরের রামগতিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস; ঢাকায় ছিল ৩৩ দশমিক ৪ ডিগ্রি। তাপমাত্রা ও আর্দ্রতা কমায় ভ্যাপসা গরমের অনুভূতি হ্রাস পেয়েছে। শনিবারের পর বৃষ্টির প্রবণতা অনেকটাই কমতে পারে, যদিও মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় দুর্বল লঘুচাপ সৃষ্টি হতে পারে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।