সেপ্টেম্বরে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স দেশে এসেছে ২৭৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। আগস্টে আসা ২৯৬ কোটি ৬৬ লাখ ডলারের তুলনায় এটি ৬ দশমিক ৭৬ শতাংশ কম। তবে গত বছরের সেপ্টেম্বরের ২৬৮ কোটি ৬০ লাখ ডলারের তুলনায় রেমিট্যান্স ৩ শতাংশ বেড়েছে। টানা চার মাস ধরে প্রবাসী আয় তিন বিলিয়ন ডলারের নিচে রয়েছে।
সংশ্লিষ্টদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা ও সেখানে কর্মসংস্থানের সুযোগ কমে যাওয়ায় রেমিট্যান্স প্রবাহে কিছুটা ধীরগতি এসেছে। সৌদি আরবসহ কয়েকটি দেশে ভিসা ও নিয়োগপ্রক্রিয়ায় কড়াকড়ি এবং উন্নয়ন কর্মকাণ্ডের গতি কমে যাওয়ায় নতুন কর্মী বিদেশে যাওয়ার হারও কমেছে।
বিএমইটির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে ১৭ আগস্ট পর্যন্ত ৩ লাখ ৩৩ হাজার ৪২৭ জন কর্মী বিদেশে গেছেন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৮ দশমিক ৫৩ শতাংশ কম। ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে মোট রেমিট্যান্স এসেছে ৮৫৯ কোটি ১০ লাখ ডলার, যা বছরওয়ারি ১৩ দশমিক ৩ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হাবিবুর রহমান বলেন, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি বৈদেশিক খাতে সহায়তা দিয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।