মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরাকের সঙ্গে আকাশপথে যোগাযোগে তৈরি বিধিনিষেধ দ্রুত প্রত্যাহার করে স্বাভাবিক ফ্লাইট চলাচল পুনর্বহালের জন্য বাগদাদের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। গত সপ্তাহে নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে সীমিত পরিসরে ফ্লাইট চালু হওয়ার পর তেহরান এ আহ্বান জানায়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন নিষেধাজ্ঞাকে বেআইনি ও অমানবিক আখ্যা দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য ও বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগের সমালোচনা করেছে।
বিবৃতিতে ইরান বলেছে, দুই দেশের লাখ লাখ মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে তেহরান ও বাগদাদের মধ্যে স্বাধীন ও দায়িত্বশীল আলোচনা প্রয়োজন। ইরাকি বার্তা সংস্থা আইএনএ জানায়, সোমবার গভীর রাতে নাজাফ ও ইরানের মধ্যে বিমান চলাচল আবার শুরু হয়। ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির বিশেষ উদ্যোগে এ ফ্লাইট পুনরায় চালু হয়েছে বলে জানানো হয়েছে।
তেহরানে ইরাকের রাষ্ট্রদূত ইয়াসির আব্দুলজহরা আল-হাজ্জাজ বলেন, ইরানগামী ফ্লাইট বন্ধে বাগদাদের কোনো সরকারি সিদ্ধান্ত ছিল না। মার্কিন নিষেধাজ্ঞার আশঙ্কায় বিদেশি গ্রাউন্ড হ্যান্ডলিং কোম্পানিগুলোর সেবা দিতে অস্বীকৃতিতেই সংকট তৈরি হয়। বাগদাদ, এরবিল ও সুলাইমানিয়ায় ফ্লাইট বন্ধ থাকায় যাত্রীদের ১২ ঘণ্টার বেশি সড়কপথে যেতে হচ্ছে। মানবিক, চিকিৎসা, শিক্ষা ও ধর্মীয় সফরের জন্য ছাড় চাচ্ছে ইরাক সরকার।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।