বাংলাদেশ তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ নিয়ে আলোচনা এগিয়ে নেওয়া এবং বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে। বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সোমবার দুপুরে শিল্প মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেনের সঙ্গে বৈঠকে এ বিষয়গুলো তুলে ধরেন। বৈঠকে বিপজ্জনক শিল্পবর্জ্য ব্যবস্থাপনায় তুরস্কের অভিজ্ঞতা ও সক্ষমতা ব্যবহারের সম্ভাবনাও আলোচনা হয়।
দুই পক্ষ এফটিএ আলোচনা শুরুর অগ্রগতি পর্যালোচনা করে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও দৃঢ় করার আশাবাদ ব্যক্ত করে। আসন্ন তুরস্ক সফরে সে দেশের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং বিনিয়োগ সংস্থাগুলোর সঙ্গে সাক্ষাতের আগ্রহ জানান মন্ত্রী। ফল আমদানির ব্যবসায়িক যোগাযোগ বাড়াতে তুরস্কের ফল রপ্তানিকারক সংস্থার পরিচিতি ও যোগাযোগের তথ্য চেয়েছে বাংলাদেশ।
ইলেকট্রনিকস ও জাহাজ ভাঙা শিল্পের বিপজ্জনক বর্জ্য পরিশোধন, সংরক্ষণ ও নিষ্পত্তিতে তুরস্কের বিশেষায়িত স্থাপনা বা টিএসডিএফ-সংক্রান্ত সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায়। রাষ্ট্রদূত কমসেকের মন্ত্রী পর্যায়ের সম্মেলন, ওয়ার্ল্ড হালাল ইন্ডাস্ট্রিয়াল সামিট ও হালাল এক্সপোতে বাংলাদেশকে আমন্ত্রণ জানান। বাংলাদেশ জানায়, কমসেকের মূল সম্মেলনে বাণিজ্যমন্ত্রী অংশ নেবেন এবং পরবর্তী সম্মেলনে অন্য প্রতিনিধিরা অংশ নেবেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।