চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চরবাগডাঙ্গা সীমান্তে নিখোঁজের এক সপ্তাহ পর এক বাংলাদেশির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মো. শওকত আলী (৩৫), তিনি মনাকষা ইউনিয়নের তারাপুর ঠুঁঠাপাড়ার মিজানের ছেলে। শনিবার মধ্যরাতে পদ্মা নদীর চরে লাশটি উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা জানান, ৯ মে গরু আনার জন্য ভারতের দিকে গিয়েছিলেন শওকত আলী, তবে তিনি আর ফেরেননি। পরে পরিবারের লোকজন গোপনে দাফনের প্রস্তুতি নিলে পুলিশ এসে লাশ জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয়দের দাবি, গরু নিয়ে ফেরার সময় বিএসএফ তাকে হত্যা করে নদীতে ফেলে দেয়। শিবগঞ্জ থানার ওসি জানান, লাশ অর্ধগলিত থাকায় মৃত্যুর কারণ জানা যায়নি এবং তদন্ত শেষে বিষয়টি স্পষ্ট হবে। গোদাগাড়ী নৌ পুলিশের ওসি বলেন, লাশে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে, যা পরিকল্পিত হত্যার ইঙ্গিত দেয়। চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জানান, ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারণ বলা সম্ভব নয় এবং তদন্ত চলছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।